বলিউড অভিনেত্রী তাপসী পান্নু সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও দাম্পত্য নিয়ে খোলামেলা কথা বলেছেন। ডেনিশ ব্যাডমিন্টন তারকা অলিম্পিক পদকজয়ী ম্যাথিয়াস বো-র সঙ্গে গাঁটছড়া বাধা পান্নু বিয়ের পর জীবন কতটা বদলেছে প্রশ্নে বলেন জীবন আগের মতোই চলছে।
তাপসী পান্নু জানান, দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের পর বিয়ে তার জীবনে বড় কোনো পরিবর্তন আনেনি,তবে আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি বিবাহিত। আমার একটাই শর্ত ছিল, আমাদের রসায়ন যেন কোনোভাবেই বদলে না যায়। বাস্তবেও তাই হয়েছে।
ম্যাথিয়াস বো-র সঙ্গে তাপসীর প্রথম দেখা হয় ২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে। এরপর দীর্ঘ ১১ বছর প্রেমের সম্পর্কে থেকে ২০২৪ সালের মার্চে অত্যন্ত ঘরোয়া পরিবেশে ভারতের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
ক্যারিয়ারের শুরু থেকেই ছক ভাঙা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত তাপসীর অভিনীত অনুভব সিনহা পরিচালিত সিনেমা ‘আসসি’ সম্প্রতি মুক্তি পাওয়ার পর থেকেই সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে।