| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিলের দিন পেছালো

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 82652 বার পঠিত
সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিলের দিন পেছালো

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের (মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবার পেছানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আজ রবিবার এই মামলার প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন ৯ এপ্রিল।

রোববার ( ২২ ফেব্রুয়ারি ) প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও, মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।

সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর, গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলাটি করেছেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। এজাহারে মোট ১১ জনকে আসামি করা হয়েছে, এছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে আছেন,সালমান শাহের স্ত্রী সামিরা হক, সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক আশরাফুল হক (ডন), ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।

এর আগে, গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সালমান শাহর মৃত্যুর পর প্রায় ২৯ বছর ধরে রমনা থানার অপমৃত্যু মামলা তদন্ত চলছিল। বিভিন্ন সময়ে পুলিশের সব সংস্থা তদন্ত সম্পন্ন করলেও প্রতিবারই মামলায় উল্লেখ করা হয়েছিল যে সালমান শাহ আত্মহত্যা করেছেন। আদালতের নির্দেশে মামলাটি ঘুরপাক খেতে খেতে সম্প্রতি হত্যা মামলার আকার নেয়।

উল্লেখ্য, রমনা থানায় মামলা দায়ের হওয়ার পর, গত বছরের ২৭ অক্টোবর সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হকের (ডন) দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪