হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
প্রধানমন্ত্রীর সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী সামনে থার্ড টার্মিনাল চালু করার চেষ্টায় নির্দেশনা দিয়েছেন তিনি। মন্ত্রী আরও বলেন,কবে নাগাদ চালু হবে তা নিয়ে নির্দ্দিষ্ট কোনো সময় দেওয়া এ মুহূর্তে সম্ভব না, তবে আলাপ আলোচনা চলছে কীভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি।
থার্ড টার্মিনাল নিয়ে বেশ কিছু সুপারিশ থাকার পরেও তারপরও চালু করা কেন সম্ভব হলো না? এমন প্রশ্নের উত্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, কেন চালু হচ্ছে না, সেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিলো, প্রশ্নটা তাদের করতে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে চালু করা যায়।