চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ছয়তলা ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। এতে বাসায় থাকা শিশুসহ সাতজন অগ্নিদগ্ধ হন।
দগ্ধদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক অপারেটর জানান, জমে থাকা গ্যাস থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।