একদলীয় বাকশাল শাসন এদেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, বিএনপি সেই ধ্যান-ধারণায় বিশ্বাস করে না।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা জানান।
ড. মঈন খান বলেন, এদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছে বিএনপি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনী যখন নিরীহ মানুষের ওপর হামলা চালায়, তখন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমান। বিএনপি সেই আদর্শে বিশ্বাসী এবং বহুদলীয় ও পার্লামেন্টারি গণতন্ত্রে আস্থা রাখে।
তিনি আরও বলেন, বিএনপি একটি উদার রাজনৈতিক দল এবং সবাইকে নিয়ে রাজনীতি করে। প্রতিহিংসার রাজনীতি নয়, বরং জনগণের শক্তিতেই বিশ্বাস করে দলটি।
এসময় দলের চেয়ারম্যান তারেক রহমান–এর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, বিএনপি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী। জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।