| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯: মৃত বেড়ে ৩

  • আপডেট টাইম: 24-02-2026 ইং
  • 80826 বার পঠিত
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯: মৃত বেড়ে ৩

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় সামির আহমেদ সুমন (৪০) মারা যান।

প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সামিরের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মো. সাখাওয়াত হোসেন (৪৬) — ১০০ শতাংশ দগ্ধ, আশুরা আক্তার পাখি (৩৫) — ১০০ শতাংশ দগ্ধ, শিপন হোসেন (৩০) — ৮০ শতাংশ দগ্ধ, আয়েশা (৪) — ৪৫ শতাংশ দগ্ধ, উম্মে আয়মান স্নিগ্ধা (১০) — ৩৮ শতাংশ দগ্ধ এবং ফারহান আহমেদ আনাস (৬) — ৩০ শতাংশ দগ্ধ। চিকিৎসকদের মতে, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

গত সোমবার ভোরে হালিশহরের একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে দগ্ধদের স্বজনরা তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

দগ্ধ সাখাওয়াত হোসেনের চাচাতো ভাই মো. মিলন জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বাগমারা গ্রামে। সাখাওয়াত হোসেন হালিশহরে মোটরপার্টসের ব্যবসা করেন। নিহত সামির আহমেদ সুমন ছিলেন পর্তুগাল প্রবাসী। চলতি মাসের ৪ তারিখে তিনি দেশে আসেন এবং ১৮ ফেব্রুয়ারি পরিবার নিয়ে চট্টগ্রামে ভাইয়ের বাসায় ডাক্তার দেখাতে যান। ছোট ভাই শিপন হোসেনও হালিশহরেই বসবাস করেন।

তিনি আরও জানান, ঘটনার দিন ভোরে সবাই সেহরি খাওয়ার পরপরই বিস্ফোরণ ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত সাপেক্ষে বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪