জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অসুস্থ হওয়ার খবর জানার পর ফোনে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া গোলাম পরওয়ার। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমিরে জামায়াতের সাময়িক অসুস্থতার বিষয়টি পৌঁছালে তিনি কুশল জানতে চান এবং সঙ্গে সঙ্গেই তার (পরওয়ারের) ফোন থেকে ডা. শফিকুর রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় উভয়ের মধ্যে কুশল ও সালাম বিনিময় হয়।
এ সময় ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের দাওয়াত দেন। মিয়া গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রীর স্ত্রী ও কন্যাকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি দাওয়াত গ্রহণ করেছেন।
এর আগে মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল জামায়াত আমিরের। তবে যাত্রাপথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বুধবার দুপুরে বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারতও করেন তিনি।