নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলে নিহত হন সার ব্যবসায়ী সফিকুর রহমান। সেই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া তার ছোট ছেলে সাইদুর রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাইদুর রহমান (২০) নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় রামদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি নোয়াখালী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী ছিলেন।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল জানিয়েছেন, দুর্ঘটনার পর ব্যবসায়ী সফিকুর রহমানের আহত দুই ছেলেকে প্রথমে মাইজদী হাসপাতালে ভর্তি করা হর। সেখানে সাইদুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ছয় দিন আইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
কবিরহাট থানার ওসি মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া বলেন, বেলা ১১টার দিকে সাইদুরের মৃত্যুর বিষয়টি অবগত হয়ে এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা নেওয়া হয়েছে। ট্রাকচালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে লরিটি থানায় জব্দ রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সোনাপুর থেকে কবিরহাটগামী একটি তেলবাহী ট্রাক ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন সার ব্যবসায়ী সফিকুর রহমান এবং গুরুতর আহত হন তার দুই ছেলে।