সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হুড়াসাগর নদীর তীরে বিদেশ ফেরত স্বপন সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ও কাজিপুরা সীমান্তবর্তী এলাকায়।
নিহত স্বপন সরকার (৩৫) কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি দুই ছেলে সন্তানের বাবা। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সাহরি খেয়ে মাঠে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন স্বপন সরকার। পরে স্থানীয়রা হুড়াসাগর নদীর ধারে একটি গাছের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তার দেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, স্বপন সরকার আগে মালয়েশিয়ায় ছিলেন এবং মানসিক সমস্যার কারণে পাবনায় চিকিৎসা নিয়েছিলেন।
কামারখন্দ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।