পরমব্রত চট্টোপাধ্যায় অন্যতম শক্তিমান অভিনেতা ও নির্মাতা ভারতীয় বাংলা সিনেমার। পর্দার সামনে অভিনয় আর পর্দার পেছনে নির্মাণ, দুই মাধ্যমেই দর্শকহৃদয় জয় করেছেন তিনি। সম্প্রতি এক স্মৃতিচারণায় এক চমকপ্রদ তথ্য জানিয়ে তিনি বলেন, কখনোই অভিনেতা হতে চাননি পরমব্রত।
১৯৯৯ সালে তরুণ পরমব্রত অভিনেতা নয়,নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়ে ঘুরছিলেন সিনেমা পাড়ায়। অঞ্জন দত্তের ‘হাফ চকলেট’ শো-তে কাজ করার সুযোগ পেয়ে তিনি বলেন,‘অভিনেতা হওয়ার কোনো পরিকল্পনা নয় কিংবদন্তি অঞ্জন দত্তের সঙ্গে সময় কাটানো এবং সিনেমা তৈরির প্রক্রিয়া সরাসরি দেখার একটি মজাদার সুযোগের সঙ্গে কিছুটা আয়ের লোভও ছিল।’
সিনেমা শেখার আগ্রহ নিয়ে কাজ শুরু করলেও ‘নিয়তি’ পরমকে নিয়ে যায় জনপ্রিয় সব টেলিফিল্ম ও ধারাবাহিকের মুখ করে। মাত্র দেড় বছরের ব্যবধানে টেলিভিশনের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। মৈনাক উপাখ্যান, অন্তরালে, এক আকাশের নিচে কিংবা উৎসবের রাত্রির মতো জনপ্রিয় সব টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করে দ্রুত পরিচিতি পাওয়া পরম প্রয়াত নির্মাতা যীশু দাশগুপ্তের অধীনেও কাজ করেছেন।
দীর্ঘ ১৫ বছর পর নিজের প্রথম শুটিং স্পট ‘ইন্দ্রপুরী স্টুডিও’তে পা রেখে তারকা পুরোনো দিনের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে বলেন,দেড় দশক পর সেই চেনা আঙিনায় ফিরে আসা এবং স্মৃতিচারণ করাটা তার জন্য বেশ কষ্টের ও একইসঙ্গে ভীষণ ভালো লাগার। শুধুই নির্মাণের নেশা থেকে কাকতালীয়ভাবে অভিনয়ে আসা পরমব্রত আজ টলিউড ছাড়িয়ে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।