তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের কাছে তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি নির্ভর গণমাধ্যমে এখনো আমরা পূর্ণভাবে যুক্ত হতে পারিনি এবং গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থার মধ্যে আনার লক্ষ্যে কাজ চলবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) বরিশাল জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বলেন, সাংবাদিকসহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
একই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে মনোমালিন্য ও বিভেদের কারণ আমি পুরোপুরি জানি না। তবে এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।
বৈঠকের পরে মন্ত্রী বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ এর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।