বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধিঃ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে নিরাপত্তা ও গার্ড অব অনার দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে নিরাপত্তা ও গার্ড অব অনার দিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল গাড়িযোগে রওনা হয়। ভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে জমিতে উল্টে পড়ে।
দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হয়েছেন।
গুরুতর আহত জুয়েল মিয়া ও শরিফকে উন্নত চিকিৎসার জন্য সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে জুম্মার নামাজের পর প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বাঞ্ছারামপুর হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে যান। তিনি কর্তব্যরত চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।