| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কম্পিউটার অপারেটরের অসাবধানতায় ৩৮ হাজার ছাত্র ‘ফিমেল’

  • আপডেট টাইম: 03-03-2026 ইং
  • 73133 বার পঠিত
কম্পিউটার অপারেটরের অসাবধানতায় ৩৮ হাজার ছাত্র ‘ফিমেল’

বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনে বড় ধরনের ত্রুটি ধরা পড়েছে। বোর্ডের প্রিন্ট করা রেজিস্ট্রেশন কার্ডে প্রায় ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর জেন্ডার ভুল করে ‘Female’হিসেবে উল্লেখ করা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ জানায়, কম্পিউটার অপারেটরের অসাবধানতা এবং প্রোগ্রাম সেটিংসজনিত সমস্যার কারণে এ ভুল হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অপারেটরকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক জি এম শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কম্পিউটার প্রোগ্রামের ভুল সেটিংসের কারণে এ ধরনের ত্রুটি ঘটেছে। তবে পরীক্ষা শুরুর আগেই ভুলটি ধরা পড়ায় সংশোধন করা এখন সহজ হয়েছে। 

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮১,৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। সাধারণ নিয়ম অনুযায়ী, প্রথম বর্ষে ভর্তি হওয়ার প্রায় ছয় মাস পর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয় এবং পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা হয়। সেই অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে বরিশাল বোর্ড ৮১,৮৩১টি রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে চার জেলার কলেজে কার্ড বিতরণ শুরু করেছিল।

ঝালকাঠিসহ দুটি জেলায় কার্ড বিতরণের সময় প্রথমবার জেন্ডার ত্রুটি ধরা পড়ায় জানতে পারা যায়, প্রায় ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর জেন্ডারে ‘Female’ উল্লেখ করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে কলেজ ও বোর্ড অফিসে সংশোধনের জন্য ছোটাছুটি করায় তাদের পরীক্ষার প্রস্তুতিতেও ঘটছে বিঘ্ন। তবে বোর্ড কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, ত্রুটিপূর্ণ রেজিস্ট্রেশন কার্ড বিনামূল্যে এবং দ্রুততম সময়ে সংশোধন করা হবে, যাতে শিক্ষার্থীদের কোনো বাড়তি ভোগান্তি না হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪