নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে মুসলিমনগর এলাকার নিজ বাড়ি থেকে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আদনান ইব্রাহীম মুসলিমনগর এলাকার মৃত আবুল বাশারের ছেলে এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে মৎসজীবী দলের সঙ্গে সক্রিয় ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।
পুলিশ জানায়, বুধবার রাতের দিকে আদনান নিজ কক্ষে ঘুমাতে যান। ভোরে সেহরি খাওয়ার জন্য পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে দরজা খোলা না হওয়ায় কক্ষের মধ্যে গিয়ে দেখেন তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবতাব আলী জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে তাকে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা মনে করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।