জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে সংঘটিত এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে উপস্থিত সদস্যদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে তারা সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।
সাংবাদিকদের অভিযোগ, হামলার নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্যসচিব সামসুল আরেফিন এবং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও জাফর আহমেদ।
আহতদের ঢাকা ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।