| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালে ভাসমান অবস্থায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, উখিয়ায় শোকের ছায়া

  • আপডেট টাইম: 06-03-2026 ইং
  • 69463 বার পঠিত
খালে ভাসমান অবস্থায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, উখিয়ায় শোকের ছায়া

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর খাল থেকে ভাসমান অবস্থায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে উখিয়ার রেজুরকুল এলাকার রেজুখাল থেকে কৌশিক বড়ুয়া বাঁধন (১৩) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় বাসিন্দা পতন বড়ুয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল থেকে বাঁধনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলের সন্ধানে তার বাবা পতন বড়ুয়া উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

রাত প্রায় ১০টার দিকে বাঁধনের এক বন্ধু জানায়, সন্ধ্যার দিকে তারা রেজুখালের মোহনায় থাকা একটি বড়ই গাছে বড়ই পেড়ে খাচ্ছিল। স্থানীয় বাসিন্দা দীপক বড়ুয়ার ভাষ্যমতে, একপর্যায়ে কথিত ‘অদৃশ্য শক্তি’র ডাকে বাঁধন খালে পড়ে যায় বলে সেই বন্ধু দাবি করে। ঘটনাটি দেখে ভয় পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায় এবং আতঙ্কের কারণে বিষয়টি জানাতে দেরি করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতে খালসংলগ্ন এলাকায় হাজারো মানুষ জড়ো হন। নিখোঁজ বাঁধনকে খোঁজার পাশাপাশি স্থানীয় বৌদ্ধ বিহারের ধর্মীয় অনুসারীরা প্রার্থনা ও ত্রিপিটক থেকে মন্ত্র পাঠ করেন।

শুক্রবার সকালে খালের পানিতে বাঁধনের মরদেহের একটি অংশ (মাথা) ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় এক স্কুলশিক্ষক জানান, দুর্ঘটনাবশত বা অন্য কোনো কারণে বাঁধন খালে পড়ে মারা যেতে পারে। তবে এ যুগেও এলাকায় কুসংস্কার ছড়িয়ে পড়েছে যে কোনো অলৌকিক শক্তির প্রভাবে এ ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে এ ধরনের ঘটনাকে ‘ঢালি নেওয়া’ বলা হলেও এর পক্ষে কোনো প্রমাণ নেই বলে তিনি মন্তব্য করেন। বিষয়টির প্রকৃত কারণ পুলিশি তদন্তেই স্পষ্ট হবে বলে তিনি মনে করেন।

প্রথম সন্তানকে হারিয়ে পতন বড়ুয়া ও শিখা বড়ুয়া দম্পতির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ছেলের জন্য বিলাপ করতে করতে মা শিখা বড়ুয়া বলেন, “আমি কিছুই চাই না, আমার বাঁধন ছাড়া। তোমরা আমার বাঁধনকে এনে দাও।”

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। কিশোরটির মৃত্যু কীভাবে হয়েছে তা তদন্ত করে বিস্তারিত জানা যাবে। বাঁধনের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪