জাতীয় সংসদে নতুন নির্বাচিত এমপিদের সংসদীয় কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বিএনপি। শুক্রবার (৬ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিশেষ এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথমবার নির্বাচিত এমপিদের পাশাপাশি অভিজ্ঞ সংসদ সদস্যদেরও অংশগ্রহণে এই কর্মশালায় সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট বিষয়ক জ্ঞান এবং স্থায়ী কমিটির কাজের দক্ষতা বৃদ্ধির বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে। কর্মশালায় সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা এমপিদের দায়িত্ব পালন, মন্ত্রিসভার সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত পরামর্শ দেবেন।
আজ (৬ মার্চ) কর্মশালার প্রথম সেশন সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য অনুষ্ঠিত হবে। দুপুরের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত, যেখানে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন। আগামীকাল (৭ মার্চ) একই নিয়মে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা সকালে এবং সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সংসদ সদস্যরা বিকেলে অংশগ্রহণ করবেন।
বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, এই কর্মশালায় নির্বাচনি ইশতেহারের বাস্তবায়ন, স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং মন্ত্রণালয় পর্যবেক্ষণের কৌশল বিষয়ে এমপিদের পরামর্শ দেওয়া হবে। এছাড়া দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে।
এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে ১২ মার্চ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পূর্বসন্ধ্যায় নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের প্রস্তুতি নিশ্চিত করার জন্য।