| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 67514 বার পঠিত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪

রাজধানীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাতে রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন ও তার ২১ বছর বয়সী মেয়ে তৃষা। এছাড়া তেজগাঁওয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন সিএনজি অটোরিকশাচালক মো. আলিম (৬৫) এবং যাত্রী মো. হারুনুর রহমান (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজু আহমেদ সুমন মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাত প্রায় ৯টার দিকে সায়েন্সল্যাব মোড়ে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাজু আহমেদ সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তৃষাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে একই রাতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তার মোড়ে আরেকটি সড়ক দুর্ঘটনায় নিহত হন মো. হারুনুর রহমান ও অটোরিকশাচালক মো. আলিম। জানা যায়, হারুনুর রহমান পরিবার নিয়ে ঈদের কেনাকাটা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। সাত রাস্তার মোড়ে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলিম ও হারুনুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত হারুনুর রহমানের স্ত্রী ও তার বোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪