তিতাস গ্যাসের লিকেজ থেকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার একটি বাড়িতে শুক্রবার (৬ মার্চ) ইফতারের পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,বিস্ফোরণে ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির এবং ভাড়াটিয়া লিটন আহত হয়। আহতদের মধ্যে শিপন ও ছগিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইফতারের পর ভবনটির নিচতলায় ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ হলে তাতে ভবনের নিচতলার দেয়াল ও জানালা ধসে পড়ে। পাশাপাশি আশপাশের কয়েকটি বাসার দরজা-জানালাও ভেঙে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গ্যাস লিকেজ থেকে একটি বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।