সংসদের অতীতের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি ইতিবাচক ও কার্যকর সংসদ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার ( ৭ মার্চ ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, আমরা চাই জাতি বলুক এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিল। অতীতে সংসদে যেসব নেতিবাচক সংস্কৃতি তৈরি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে মুছে দিতে আমরা কাজ করব।
তিনি জানান, প্রশিক্ষণ কর্মশালায় সংসদের সংবিধান, কার্যপ্রণালী বিধি (রুলস অব প্রসিডিউর), সংসদীয় রীতি-নীতি ও কনভেনশন নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় চর্চা নিয়েও সংসদ সদস্যদের সঙ্গে আলাপ করা হয়েছে।
নতুন সংসদ সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, যারা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা নতুনভাবে সংসদীয় কার্যক্রম শিখবেন। তাদের মধ্যে যেন কোনো খারাপ সংস্কৃতি না গড়ে ওঠে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, একটি শিশু যেমন জন্মের পর ভালো সংস্কৃতি শিখে বড় হয়, ঠিক তেমনি নবীন সংসদ সদস্যদেরও সেভাবেই প্রস্তুত করার চেষ্টা করছি।
জনপ্রত্যাশা পূরণে কাজ করার লক্ষ্যেই নতুন সংসদ সদস্যদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিএনপির উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান এবং সংসদীয় আচরণবিধি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
কর্মশালার সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেবেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা সংসদ সদস্যদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনার কৌশল নিয়ে দিকনির্দেশনা দিচ্ছেন।