প্রবাসীরা দেশের অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,তাদের জ্ঞান, মেধা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। তিনি টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
রোববার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে নিজের দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ইংল্যান্ড আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই নয়, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সাক্ষাৎকালে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে বাংলাদেশের নারীরা আরও নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করবেন।
এছাড়া তিনি নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের আইনি ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
হাফিজ/ আয়না নিউজ