| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইএমএফের সঙ্গে তেলের দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

  • আপডেট টাইম: 19-04-2026 ইং
  • 132 বার পঠিত
আইএমএফের সঙ্গে তেলের দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারি তহবিলে চাপ বেড়ে যাওয়ায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

অর্থমন্ত্রী বলেন, জনগণের স্বার্থের বাইরে গিয়ে সরকার কোনো ঋণ নেবে না এবং আইএমএফ বা বিশ্বব্যাংকের চাপিয়ে দেওয়া কোনো শর্তও মেনে নেওয়া হবে না।

সামাজিক সুরক্ষা কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড নিয়ে দাতা সংস্থাগুলোর আগ্রহ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দ্বিপাক্ষিক সংস্থাগুলোর সমর্থন রয়েছে বলে জানান।

এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতি এবং যুদ্ধকালীন প্রভাবের কারণে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশই তেলের দাম সমন্বয় করেছে। এমনকি যুক্তরাষ্ট্রও জ্বালানির দাম বাড়িয়েছে। আমরাও আমদানি ব্যয় বিবেচনায় রেখে মূল্য সমন্বয় করেছি।

মন্ত্রী আরও জানান, জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রা ব্যয়ের চাপ সামাল দিতে এবং বাজারকে সহনীয় পর্যায়ে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম বাড়ানো হলেও সরকার এখনও ভর্তুকি দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানকে ঘিরে বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় নির্ধারণ করা হয়েছে।

সরকারের মতে, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই পড়েছে, যার ফলেই জ্বালানি বাজারে এই সমন্বয় অপরিহার্য হয়ে উঠেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪