স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত শনিবার (৭ মার্চ) দুপুরে সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে জানিয়েছেন সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে।
ডা. এম এ মুহিত বলেন, ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু হয়েছে এবং তা বাস্তবায়নে কাঠামো গঠনের কাজ চলছে। ৮০ হাজার নারী স্বাস্থ্য কর্মীকে অগ্রাধিকার দিয়ে প্রাইমারি হেলথকেয়ার সিস্টেমকে আরও সার্বজনীন করতে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে সরকার।
স্বাস্থ্যখাতের দুর্নীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি নিয়ে ভাবতে হবে এবং কাজও করতে হবে। সঠিক তদারকি না করলে সব পরিকল্পনাই মেগা দুর্নীতির খাত হয়ে যেতে পারে। তাই পাইপলাইনিং করে স্বচ্ছতার মাধ্যমে সব কাজ সঠিকভাবে পরিচালিত করতে হবে। সেবা নিশ্চিত করতে চিকিৎসকরা হাসপাতালে নিয়মিত থাকেন না। এসব নিয়েও সরকার কাজ করছে।