| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরিচায় গাড়ির চাকায় হাওয়া দেয়ার সময় বিস্ফোরণ, নিহত ১ আহত ৫

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 66952 বার পঠিত
আরিচায় গাড়ির চাকায় হাওয়া দেয়ার সময় বিস্ফোরণ, নিহত ১ আহত ৫

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার একটি কম্প্রেসার মেশিন বিস্ফোরণে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে একটি দোকানঘর ও বিআইডব্লিউটিসির একটি কাউন্টার কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বোয়ালী ডাক্তারখানা এলাকার আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নিয়ে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কাজ করতেন। টার্মিনালের বাউন্ডারি এলাকার ভেতরে রাখা একটি কম্প্রেসার মেশিন দিয়ে এ কাজ চলছিল।

শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে কম্প্রেসার মেশিনটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা অন্তত ছয়জন আহত হন।

আহতরা হলেন— মোহাম্মদ আলী (৫০), সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মণ্ডল (৩০), মো. মাসুদ (৪৫), রওশনআরা বেগম (৫৫) ও জাহাঙ্গীর শিকদার (৪৫)।

গুরুতর আহত মোহাম্মদ আলীর একটি পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্য আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শিবালয় থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণে আহত মোহাম্মদ আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। 

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪