কক্সবাজারে সেহরির সময় ডাকাতির চেষ্টাকালে ৩ ডাকাতকে আটক করে পুলিশে সোপার্দ করেছে গ্রামবাসী। শনিবার (৭ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল গ্রামে গোয়াল ঘর থেকে গরু বের করে নেওয়ার পর ডাকাত দলটি একটি ঘরে প্রবেশে চেষ্টা করায় গ্রামবাসীর বুদ্ধিমত্তায় তাদের আটক করা হয়।
ডাকাতির বিষয় গৃহকর্তা বুঝতে পেরে মসজিদের মাইকে 'ডাকাত আইস্যে' ঘোষণা দিকে প্রায় পুরো গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। ডাকাতদল বিষয়টি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অটোরিকশাসহ ৩ ডাকাত সোনাইছড়ি এলাকার বদিউল আলমের ছেলে ছৈয়দ নুর (২৫), একই এলাকার পেঠান আলীর ছেলে জসিম উদ্দিন (২৪) ও জুম্মা পাড়া এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ রায়হান (২৫) কে ধরে ফেলতে সক্ষম হন গ্রামবাসীরা।
স্থানীয় সামাজিক সংগঠন দীপ্তি জাগরণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বলেন, সাম্প্রতিক সময়ে গ্রামে চুরি-ডাকাতি বেড়েছে। এটি উপকূলীয় এলাকা গ্রামবাসীরা ঐক্যবদ্ধ না হলে বড় অঘটন হতে পারত। আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
উখিয়া থানার আওতাধীন ইনানী ফাঁড়ির ইনচার্জ এস আই দুর্জয় সরকার জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।