আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে।
রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও কয়েকজন নারীকে সম্মাননা দেওয়া হয়। ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন এই পুরস্কার লাভ করেন।
নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মনোবলের স্বীকৃতি হিসেবে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর এ ধরনের পুরস্কার প্রদান করে থাকে। এই উদ্যোগ দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধিতে উৎসাহ জোগায় বলে সংশ্লিষ্টরা মনে করেন। পাশাপাশি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও অবদানের গল্পকে সমাজের সামনে তুলে ধরতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।