নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক (২৬) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে গেলে উত্তেজিত জনতা ছিনতাইএ ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। রোববার (৮ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায় তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করলে এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। তবে একজন জনতার হাতে ধরা পড়লে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারী এক তরুণের মৃত্যুর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।