মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার লিকেজের ঘটনায় আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়লে এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মরত স্টাফরা আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে দৌড়ে বাইরে বের হয়ে যান। রোববার (৮ মার্চ) রাত ৯টায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের ষষ্ঠ তলায় ভর্তি থাকা এক রোগীকে অক্সিজেন দেওয়ার সময় হঠাৎ করে সিলিন্ডারে লিকেজ দেখা দিলে বিকট শব্দ করে দ্রুত গতিতে অক্সিজেন বাইরে বের হতে থাকে। এতে মুহূর্তে পুরো ফ্লোরটি কুয়াশার মতো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আগুন লাগার আশঙ্কায় হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসেন। পরে বিষয়টি জানতে পেরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইব্রাহিম ঘটনাস্থলে আসেন।
রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা আগুনের কোনো আলামত না পেয়ে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়ে রোগী ও স্বজনদের আশ্বস্ত করার প্রায় দুই ঘণ্টা পর, রাত প্রায় ১১টায় রোগীরা আবার বেডে ফিরে যান বলে জানিয়েছেন শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম জানিয়েছেন, ‘একটি অক্সিজেন সিলিন্ডারের ভালভে লিকেজ হওয়ার কারণে বিকট শব্দ হওয়ায় রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে যান। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।’