মাদারীপুর পৌর এলাকার নতুন মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় আলমগীর হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুদ বেপারী (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আলমগীর হাওলাদার নতুন মাদারীপুর এলাকার বাসিন্দা হাফেজ হাওলাদারের ছেলে।
আলমগীর হাওলাদারের ওপর পূর্ব শত্রুতার জেরে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত এলোপাতাড়ি হামলা চালায় প্রতিপক্ষের লাভলু হাওলাদার, আলামিন চকিদার, জাচ্চু হাওলাদার, হানিফ চকিদার, আরিফ চকিদার, পলাশ হাওলাদার, সোহেল হাওলাদার, হান্নান ঢালি, কামরুল হাওলাদার, স্বনীল হাওলাদার, শাহ আলম চকিদার, মাসুদ বেপারী, চান মিয়া মুন্সি, রনী মুন্সি, সাজন মুন্সি, জাকির হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জন।
একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেলে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।