‘আমরা ক্ষমতা গ্রহণ করিনি, রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি। এটা আমাদের ক্ষমতা নয়, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। নৈতিক অবস্থান থেকে এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি এ দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ’বলেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের একটি রেস্তোরাঁয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বর্তমান সরকারের প্রশাসনিক সংস্কার ও প্রধানমন্ত্রীর কাজের ধরনের প্রশংসা করে বলেন, ‘এই প্রধানমন্ত্রী আগের প্রধানমন্ত্রীদের মতো নন, তার কথা ও বক্তব্যে ইতিমধ্যে তা প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার সময় অফিসে যাচ্ছেন। এর আগে এ ধরনের চিত্র সচরাচর আমাদের চোখে পড়েনি। এতে জাতি উপকৃত হচ্ছে; বিশেষ করে সরকারি চাকরিজীবীরা সতর্ক ও সজাগ হয়েছেন।’
ভিআইপি সংস্কৃতির পরিবর্তনের উদাহরণ দিয়ে মন্ত্রী আরও বলেন, 'শপথের এক মাস না পেরোতেই তিনি প্রমাণ করেছেন যে তার পক্ষেই সম্ভব এ দেশ সঠিকভাবে পরিচালনা করা। দেশের ২০ কোটির ওপর মানুষের ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমাদের সবার মধ্যে দেশের প্রতি যে মায়া-মমতা রয়েছে, তা জাগিয়ে তুলতে তারেক রহমান একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্বের সুযোগ নেই। এটি সব ধর্মের মানুষের জন্য এবং সরাসরি পরিবারের গৃহিণীর নামে বরাদ্দ দেওয়া হবে। কোনো পুরুষের নামে এই কার্ড দেওয়া হচ্ছে না এবং পর্যায়ক্রমে এটি সবার জন্য উন্মুক্ত হবে।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে ও যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রত্নদ্বীপ পাল, সদস্যসচিব মানিক সাহা এবং জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী প্রমুখ।