পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। শুক্রবার (১৩ মার্চ) ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। আর ৬টা ১৫ মিনিটে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ও ভোর সাড়ে ৬টায় সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে পর্যায়ক্রমে সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনও ছেড়ে যাবে নির্দিষ্ট গন্তব্যে।
সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে কিছুসংখ্যক যাত্রীকে যাত্রা করতে দেখা গেলেও কমলাপুর রেলস্টেশনে এখন পর্যন্ত নেই কোনো শিডিউল বিপর্যয় নেই যাত্রীচাপ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা-ব্যবস্থা নেয়া হয়েছে। টিকিটবিহীন যাত্রী এড়াতে প্ল্যাটফর্মের বাইরে বাঁশের বেষ্টনীর পাশাপাশি মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।