বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খানের ৬১তম জন্মদিন গত শনিবার (১৪ মার্চ) কোনো জাঁকজমক ছাড়াই ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে পালন করা হয়েছে। আমিরের এই জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন তার দুই সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও, তাদের সন্তানাদিরা এবং চর্চিত প্রেমিকা গৌরী স্প্রাট। গত বছরের জন্মদিনে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। এবারের জন্মদিন উদযাপনে তাদের রসায়ন নজর কেড়েছে নেটিজেনদের। এ সময় তার দুই সাবেক স্ত্রী কিরণ রাও এবং রীনা দত্তকেও বেশ খোশমেজাজে দেখা গেছে। এমনকি অনুষ্ঠান শেষে কিরণ রাওকে আমির ও গৌরীর সঙ্গে একই গাড়িতে চড়ে বিদায় নিতেও দেখা যায়।
জুনায়েদ, আজাদ ও ইরা খান উপস্থিত ছিলেন বাবার জন্মদিনে। মজার ছলে বাবার মুখে কেক মাখিয়ে দিতে দেখা যায় ইরাকে। বলিউড তারকা ভিকি কৌশল, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা এবং প্রযোজক রিতেশ সিদ্ধাওয়ানিও আমিরকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন।
আমির খান বড় ছেলে জুনায়েদের প্রথম সিনেমা ‘এক দিন’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ১ মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় জুনায়েদের বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবী। পাশাপাশি প্রযোজক হিসেবে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার কাজও এগিয়ে নিচ্ছেন তিনি। সানি দেওল অভিনীত এই ছবিটি আগামী ১৩ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।