স্কুল ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি আর থাকবে না। নতুনভাবে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য সরকার বিকল্প পদ্ধতি চালুর পরিকল্পনা করছে।
তিনি জানান, প্রথমে শুধুমাত্র প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি চালু করা হয়েছিল। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরবর্তী বছর বেসরকারি বিদ্যালয়গুলোতেও একই পদ্ধতি চালু করা হয়। তবে সে সময় দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হতো।
পরবর্তীতে করোনা মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে স্কুলে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে লটারির পরিবর্তে নতুন ভর্তি নীতিমালা কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।