পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মঙ্গলবার (১৭ মার্চ) বলেন, কোন ধরনের অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। তিনি দেশের সব ইউনিটকে নির্দেশ দিয়েছেন, ঈদযাত্রা সুষ্ঠ ও সুন্দর করার জন্য পূর্ণ মনোযোগ দিতে।
আইজিপি এই মন্তব্য করেন রাজধানীর প্রধান প্রবেশ ও বাহির পথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে। তিনি জানান, প্রতিবছর ঈদে ঘরমুখো মানুষের জন্য সড়কে দীর্ঘ সময় অপেক্ষা এবং যানজট বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এজন্য এ বছর বিশেষ গুরুত্ব দিয়ে ট্রাফিক ও যাত্রী সেবা নিশ্চিত করতে সরকারি কোর্ডিনেশন মিটিং আয়োজন করা হয়েছে।
আইজিপি বলেন, বড় বাজার এবং মোড়গুলিতে ট্রাফিক জ্যাম লাঘব করতে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এছাড়া ড্রাইভার ও হেলপারদের সচেতন করার মাধ্যমে কমন সেন্স প্রয়োগ করলে যানজট অনেকাংশে কমানো সম্ভব।
বাস টার্মিনাল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, “এখানে মাদকসেবী, ছিনতাইকারীসহ সব ধরনের মানুষ আসে। তাই সব ইউনিটকে বলেছি, ঈদযাত্রা সুষ্ঠ ও সুন্দর করার জন্য সব ফোর্স নিয়োজিত থাকবে।”
ঢাকার অবৈধ দূরপাল্লার বাস কাউন্টার নিয়েও আইজিপি সতর্ক করে বলেন, ঢাকা শহরের ভেতরে কোনো দূরপাল্লার বাস কাউন্টার থাকতে পারবে না। আইনগতভাবে আমরা এগুলো দূর করবো।
টিকিটের অতিরিক্ত মূল্যের বিষয়ে তিনি বলেন, আইন না জানা কোনো অজুহাত নয়। একজন নাগরিকের দায়িত্ব, প্রচলিত আইন জানা।
পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।