প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি প্রয়োগের নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি বুয়েটের বিশেষজ্ঞ এবং ঢাকার দুই সিটি প্রশাসকের সঙ্গে পরামর্শ করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী দেশের উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে বর্জ্য ব্যবস্থাপনার যন্ত্রপাতি আমদানি না করে দেশে তৈরি করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে বুয়েটের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করা কর্মীদের জন্য প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে প্রথমবারের মতো ঈদ বোনাস প্রদান করেছেন। তিনি বলেন, সিটি করপোরেশনের জন্য থোক বরাদ্দ এখনও পাইনি, তবে রাজস্ব বৃদ্ধির চেষ্টা চলছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রাস্তা ঘাটের উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে কাজ করব। মশা নিধনের জন্য বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে এবং খাল পরিষ্কার করা হচ্ছে। তাই বর্ষার আগে মশা নিয়ন্ত্রণে আসবে।
বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান বলেন, প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার অটোমেশন ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে ইলেকট্রনিক থ্রি হুইলারের ব্যবহারকে উৎসাহিত করেছেন। তিনি আরও উল্লেখ করেন, পরিবহন যন্ত্র আমদানির পরিবর্তে দেশে তৈরি করার ওপর জোর দেওয়া হচ্ছে।