ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১২৭টি চালু কারখানার মধ্যে দুই হাজার ৮০টি পোশাক কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। ঢাকা ও চট্টগ্রামে সচল থাকা মোট ২ হাজার ১২৭টি কারখানার মধ্যে ঢাকায় এক হাজার ৭৮৫টি ও চট্টগ্রামে ৩৪২টি কারখানার মধ্যে ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে দুই হাজার ১০৪টি কারখানা, যা শতকরা ৯৮ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে রয়েছে ঢাকার এক হাজার ৭৬৭টি ও চট্টগ্রামের ৩৩৭টি কারখানা।
ঈদ বোনাস পরিশোধ করেছে মোট দুই হাজার ৮০টি কারখানা, যা শতকরা ৯৭ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে রয়েছে ঢাকার এক হাজার ৭৫৩টি ও চট্টগ্রামের ৩২৭টি কারখানা। এ ছাড়া মার্চ মাসের অগ্রিম বেতন পরিশোধ করবে মোট ৮৭০টি কারখানা, যা শতকরা ৪০ দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে রয়েছে ঢাকার ৮৪০টি ও চট্টগ্রামের ৩০টি কারখানা।