ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যক্রম পরিচালনায় বিস্তারিত নির্দেশনা জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে অনুপস্থিত থাকলে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ—এই গুরুত্বপূর্ণ তিনটি দপ্তরের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীর বিকল্প হিসেবে সংসদে কে কোন মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম পরিচালনা করবেন, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, কোনো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং তার বিকল্প উভয়েই অনুপস্থিত থাকলে সেই পরিস্থিতিতে সংসদীয় কার্যক্রম কীভাবে সম্পন্ন হবে, তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত ও বিকল্প মন্ত্রী একসঙ্গে অনুপস্থিত থাকলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করবেন। তার অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সরকারি সূত্রে জানা গেছে, জারি করা এই প্রজ্ঞাপন ত্রয়োদশ জাতীয় সংসদের পুরো কার্যকালের জন্য কার্যকর থাকবে।