ইরানে অবস্থানরত দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে উদ্যোগ নিয়েছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রথম ধাপে বাংলাদেশিদের সড়কপথে ইরান সীমান্ত অতিক্রম করে আজারবাইজানে নেওয়া হবে। এরপর দেশটির রাজধানী বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।
প্রত্যাবাসন কার্যক্রম তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজানের উদ্দেশে রওনা হচ্ছেন বলে জানা গেছে। এছাড়া পুরো প্রক্রিয়ায় সহায়তা করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তাও মঙ্গলবার রাতে বাকুর উদ্দেশে যাত্রা করেছেন।
সরকারি সূত্র জানিয়েছে, নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ধাপে আরও বাংলাদেশিকে ফেরানো হতে পারে।