| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি: সেতুমন্ত্রী

  • আপডেট টাইম: 18-03-2026 ইং
  • 54810 বার পঠিত
এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের গণপরিবহনে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বরং কিছু ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও ২০–৩০ টাকা কম নেওয়ার ঘটনাও ঘটছে।

বুধবার ( ১৮ মার্চ ) সকাল ১১টায় গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিভিন্ন বাস টার্মিনালে পুলিশ, র‍্যাব ও ভিজিল্যান্স টিমের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সর্বত্র নির্ধারিত ভাড়ার তালিকা টানানো রয়েছে। কোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়ম বা যাত্রী হয়রানির ঘটনা শনাক্ত হয়নি।

টিকিট পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, অধিকাংশ রুটে এখনো টিকিট পাওয়া যাচ্ছে, যদিও কিছু জনপ্রিয় রুটে আগেই টিকিট শেষ হয়ে গেছে। তবে সামগ্রিকভাবে যাত্রীরা নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি যেতে পারছেন। গত ১৫–২০ দিনের প্রস্তুতি এবং পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

দূরপাল্লার বাসে মাঝপথে নামা যাত্রীদের পুরো ভাড়া নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, বাসের ভাড়া নির্ধারণ করা হয় নির্দিষ্ট গন্তব্য অনুযায়ী। ফলে কেউ মাঝপথে নামলেও পুরো রুটের ভাড়াই প্রযোজ্য হয়।

জ্বালানি সরবরাহ নিয়েও কোনো সংকট নেই বলে জানান তিনি। ১৫ মার্চ রাত থেকেই গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেউ সমস্যায় পড়লে হটলাইনে যোগাযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

লোকাল বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী নির্দিষ্ট তথ্য দিয়ে অভিযোগ করার আহ্বান জানান। তিনি বলেন, কোথাও অনিয়মের চেষ্টা হলে মোবাইল টিম তাৎক্ষণিক গিয়ে ব্যবস্থা নিচ্ছে এবং জরিমানা করছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪