| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, ঈদ যাত্রায় স্বস্তি-ভোগান্তি দুটোই

  • আপডেট টাইম: 19-03-2026 ইং
  • 53413 বার পঠিত
রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, ঈদ যাত্রায় স্বস্তি-ভোগান্তি দুটোই

আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানী ছেড়ে গ্রামের বাড়ির পথে ছুটছেন ঘরমুখো মানুষ। ভোর থেকেই সড়ক, রেল ও নৌপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দে দীর্ঘ ভোগান্তিকেও যেন হাসিমুখেই মেনে নিচ্ছেন যাত্রীরা।

সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে অনেক যাত্রীর মাঝে স্বস্তি ফিরে এলেও, কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তির কথাও জানিয়েছেন তারা।

অন্যদিকে মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের চাপ তীব্র আকার ধারণ করেছে। গণপরিবহনের সংকটে অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। অতিরিক্ত ভাড়া ও যানবাহনের অভাবে কেউ কেউ বাধ্য হয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে করেই রওনা দিচ্ছেন গন্তব্যের উদ্দেশে। গাজীপুরের চন্দ্রা মোড় এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যা যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের কার্যকর উপস্থিতি তেমন চোখে পড়েনি।

এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনেও ভোর থেকেই ছিল যাত্রীদের ঢল। বেশ কয়েকটি ট্রেন ১০ থেকে ১৫ মিনিট দেরিতে ছেড়ে গেছে। ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকায় টিকিট ছাড়া যাত্রীদের ছাদে চড়ে ভ্রমণের ঝুঁকিপূর্ণ প্রবণতাও দেখা গেছে। এছাড়া বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার প্রভাবেও কিছু যাত্রীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তবে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে যাত্রী চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

নৌপথেও ছিল যাত্রীদের ব্যাপক চাপ। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোর থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। লঞ্চে উঠতে যাত্রীদের হুড়োহুড়ি লক্ষ্য করা গেছে। ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ার অভিযোগও রয়েছে। সাম্প্রতিক দুর্ঘটনার পরও যাত্রীদের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে।

সব মিলিয়ে এবারের ঈদ যাত্রায় একদিকে যেমন নির্ধারিত সময়ে যানবাহন ছাড়ায় কিছুটা স্বস্তি মিলেছে, অন্যদিকে অতিরিক্ত ভাড়া, যানজট ও নিরাপত্তাহীন যাত্রা নিয়ে ভোগান্তিও কম নয়। তবুও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দেই এসব কষ্টকে তুচ্ছ করে ঘরে ফিরছেন লাখো মানুষ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪