বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)-এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) অভিযোগের প্রেক্ষিতে নেওয়া এই সিদ্ধান্তে আইএফএ-কে বড় অঙ্কের জরিমানা এবং সাংগঠনিক সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ফিফার শৃঙ্খলা কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ফুটবল কর্তৃপক্ষ তাদের সদস্য ক্লাব বেইটার জেরুজালেম এর সমর্থকদের দীর্ঘদিনের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ক্লাবটির সমর্থকদের ধারাবাহিক বর্ণবাদী স্লোগান এবং আরব খেলোয়াড়দের উদ্দেশে অপমানজনক মন্তব্যকে ‘প্রাতিষ্ঠানিক সমস্যা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই তদন্তের সূচনা হয় ২০২৪ সালে, যখন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন বৈষম্যের অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে আবেদন জানায়। তবে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি ফিফা নাকচ করে দিয়েছে। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, আইএফএ-এর আচরণ তাদের নীতিমালার পরিপন্থি।
শাস্তির অংশ হিসেবে আইএফএ-কে সতর্কবার্তা দেয়া হয়েছে এবং পরবর্তী তিনটি আন্তর্জাতিক ম্যাচে 'ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড- নো টু ডিসক্রাইমিশন' বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি জরিমানার এক-তৃতীয়াংশ অর্থ ব্যয় করতে হবে বৈষম্য প্রতিরোধমূলক কার্যক্রমে। অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ক্লাবগুলোর অংশগ্রহণ নিয়ে পৃথক তদন্তে ফিফা কোনো ব্যবস্থা নেয়নি।