ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এই মাসের শেষের দিকে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন। দলে আছেন একঝাঁক তারকা ফুটবলার।
দলটি ৩ জন গোলরক্ষক নিয়ে গঠিত লুকাস শেভালিয়ের, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা। রক্ষণভাগে আছেন ৮ জন, মাঝমাঠে ৬ জন এবং আক্রমণভাগে ৯ জন খেলোয়াড়। আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, যিনি ফ্রান্সের হয়ে ৯৪ ম্যাচ খেলে ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন এবং ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে হ্যাটট্রিক করে গোল্ডেন বুট জিতেছেন।
এমবাপ্পের সঙ্গে আক্রমণে থাকছেন উসমান দেম্বেলে, রান্দাল কোলো মুয়ানি ও দেজির দ্যুয়ে। এই খেলোয়াড়রা প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেম্বেলে সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ৮ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন, আর দ্যুয়ে ৫টি করে গোল ও অ্যাসিস্টের মাধ্যমে তরুণ ফুটবলার পুরস্কার জিতেছেন।
রক্ষণভাগে দুই হার্নান্দেজ ভাই থিও হার্নান্দেজ ও লুকাস হার্নান্দেজ এর সঙ্গে আছেন ইব্রাহিমা কোনাতে ও দায়োত উপামেকানো। মাঝমাঠের দায়িত্বে থাকবেন এদুয়ার্দো কামাভিঙ্গে, এনগোলো কান্তে এবং অরেলিঁয়ে চুয়ামেনি।
ফ্রান্স- ব্রাজিল প্রীতি ম্যাচ বাংলাদেশ সময় ২৬ মার্চ রাত ২টায় শুরু হবে। এরপর এক সপ্তাহের মধ্যে কলম্বিয়া এর সঙ্গে ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ২৯ মার্চ রাত ২টায় মাঠে গড়াবে।
আসন্ন ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে ফ্রান্সের প্রতিপক্ষ হবে সেনেগাল, নরওয়ে এবং বাছাইপর্বের প্লে-অফ থেকে উঠে আসা একটি দল। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে।
ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচে ফ্রান্সের স্কোয়াড
গোলরক্ষক : লুকাস শ্যাভালিয়র, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা
ডিফেন্ডার : লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো
মিডফিল্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র্যাবিওট, অঁরেলিয়ে শুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি
ফরোয়ার্ড : ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম