পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ মার্চ ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
বাণীতে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই সময়ের সাধনা মানুষকে আত্মসংযমী হতে এবং অন্যের দুঃখ-কষ্ট উপলব্ধি করতে সহায়তা করে, যা সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করাই ঈদের মূল তাৎপর্য। ঈদ সব ভেদাভেদ ভুলে ধনী-গরিব নির্বিশেষে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনন্য সুযোগ।
শেষে প্রধানমন্ত্রী দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহবান জানান।