রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে অংশ নেন এবং ঈদের নামাজ আদায় করেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানকে ঈদের জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়। জামাতে অংশগ্রহণকারীদের জন্য ছিল উন্নত ব্যবস্থা, যার মধ্যে নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অযু ও নামাজের নির্দিষ্ট স্থান রাখা হয়।
এছাড়া অতি গুরুত্বপূর্ণ (ভিআইপি) ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত অযুখানা ও মেডিকেল টিমের ব্যবস্থাও নিশ্চিত করা হয়।
সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য পৃথক সুবিধা রাখা হয়েছিল।
পবিত্র ঈদুল ফিতরের এই প্রধান জামাত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।