পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সাক্ষাতে উভয় পক্ষ একে অপরের খোঁজখবর নেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান এবং একসঙ্গে ছবি তোলেন। আলোচনায় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ঈদের এই পবিত্র দিনে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা। পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন উভয় পক্ষ।
এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের ভিড়ে যমুনা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারা।