যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের জেরে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হওয়ায় জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার তিনি ‘কোবরা’ (COBRA) নামে পরিচিত এই উচ্চপর্যায়ের জরুরি বৈঠকের আহবান জানান। খবর- আল জাজিরা।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে অর্থমন্ত্রী র্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি ছাড়াও উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মূলত যুদ্ধের কারণে সাধারণ জনগণ ও ব্যবসায়িক খাতের ওপর প্রভাব, জ্বালানি নিরাপত্তা, শিল্পখাত এবং সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিক্রিয়াও পর্যালোচনা করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্য যেহেতু আমদানিকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাই মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি খাতে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। ইতোমধ্যেই জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা আগামী সপ্তাহে আরও তীব্র হতে পারে।
বিশ্লেষকদের মতে, সংঘাত দ্রুত নিরসন না হলে এর প্রভাব শুধু যুক্তরাজ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।