আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ বেশকিছু রদবদল এসেছে আয়োজন সংক্রান্ত বিষয়ে। মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরান এবং পাকিস্তান-আফগানিস্তান চলমান সংঘাতের প্রভাব বিশ্বের বিভিন্ন দেশে পড়ায় পিএসএলের পরিসরও কমিয়ে আনা হয়েছে।
আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পিএসএলের একাদশ আসরে ৮ দলের অংশগ্রহণে ৩৯ দিনে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানের ৬টি ভেন্যুতে। পিসিবির লক্ষ্য ছিল ক্রিকেটভক্তদের মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দেওয়া। কিন্তু নতুন সিদ্ধান্তে পিএসএল এখন হবে লাহোর ও করাচিতে দর্শকশূন্য মাঠে।
যাতায়াত ও জ্বালানি সাশ্রয়ে টুর্নামেন্টের পরিধিও কমিয়ে আনায় মাঠে থাকছে না দর্শক প্রবেশের সুযোগ। এমনকি নির্ধারিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটিও বাতিল ঘোষণা করা হয়েছেবলে জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। চলমান সংঘাতের প্রভাবে খেলায় দর্শক না রাখার সিদ্ধান্ত পিসিবির। এ অস্থির পরিস্থিতিতে পিএসএল খেলতে যাচ্ছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, পারভেজ ইমন, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিম।