দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া-তে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর খবরে জানানো হয়েছে, বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের আমাজন এলাকায় অবস্থিত পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়।
কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য এবং ১১৪ জন সেনাসদস্য।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বহু আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, গুস্তাভো পেত্রো এই ঘটনাকে একটি ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসা চলছে এবং এখনও কিছু মানুষের অবস্থা নিশ্চিত করা যায়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ দুর্ঘটনার কারণে চিকিৎসা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে জাতীয় সহায়তা চাওয়া হয়েছে এবং আহতদের দ্রুত সরিয়ে নিতে সামরিক বাহিনীর একাধিক বিমান মোতায়েন করা হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো হামলার ফল নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।