স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে। মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, যে জনগণের প্রত্যাশা এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। বিশেষ করে জুলাই আন্দোলনের যোদ্ধাদের আইনি সুরক্ষা প্রদানের লক্ষে দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। এছাড়া বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সেগুলো পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে। সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে, জামায়াতে ইসলামের সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানিয়েছিলেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশে দলটি সুপারিশ করবে না।
গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই কমিটির দায়িত্ব অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই-বাছাই শেষে কমিটিতে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।