শ্বাসকষ্ট ও অসুস্থ বোধ করায় ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতাল ও দলীয় সূত্র জানায়, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে তিনি কিছুটা শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং উদ্বেগের তেমন কোনো কারণ নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ছেলে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা সেখানে উপস্থিত হয়ে চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।
উল্লেখ্য, সোনিয়া গান্ধী এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।